দূরবীন লাইব্রেরি নীতিমালা
Durbeen Library — Policy & Guidelines
০১ পরিচয়
দূরবীন হলো একটি উন্মুক্ত পাঠাগার, যা রংপুরসহ উত্তরবঙ্গের মানুষের কাছে বিশুদ্ধ ইসলামি জ্ঞান সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠিত। এটি কেবল একটি বইয়ের সংগ্রহশালা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কালচারাল সেন্টার — যেখানে বই পড়া, ধার নেওয়া, ক্রয় করা এবং জ্ঞানচর্চার সুযোগ রয়েছে সকলের জন্য।
এই নীতিমালাটি লাইব্রেরির সুষ্ঠু পরিচালনা, সদস্যদের অধিকার ও দায়িত্ব এবং সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়েছে। লাইব্রেরির সাথে সংযুক্ত প্রতিটি ব্যক্তি — সদস্য, পাঠক, কর্মী ও স্বেচ্ছাসেবী — এই নীতিমালা মানতে বাধ্য থাকবেন।
০২ দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য
২.১ ভিশন (Vision)
জ্ঞানের একটি অগ্রণী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া — যা এমন একটি প্রজন্ম গড়ে তুলবে যারা নেতৃত্ব দেবে, সৎ ভাবে জীবনযাপন করবে এবং ইসলামের মূল শিক্ষা ও উৎকর্ষতার মাধ্যমে সমাজ এগিয়ে নিয়ে যাবে।
২.২ মিশন (Mission)
বিশুদ্ধ ইসলামি শিক্ষার সংস্কৃতি পুনরুজ্জীবিত করা — চিন্তার জট খুলে প্রশস্ত হৃদয়ে ইসলামিক জ্ঞানের সকলে উৎসকে সার্বজনীন ভাবে উপস্থাপন করা।
২.৩ মূল উদ্দেশ্যসমূহ
- কুরআন, হাদিস, সিরাত, ইসলামি ইতিহাস সহ ইসলামি ও বাংলা সাহিত্যের উপর বিশুদ্ধ বইয়ের সংগ্রহ তৈরি ও সংরক্ষণ।
- সর্বস্তরের পাঠকদের জন্য উন্মুক্ত পাঠ পরিবেশ নিশ্চিত করা।
- বই পড়া, ধার ও ক্রয়ের সুবিধা প্রদান করা।
- ইসলামিক কালচারাল সেন্টার হিসেবে নানান শিক্ষা ও সাংস্কৃতিক মূলক কার্যক্রম পরিচালনা করা।
- রংপুর তথা উত্তরবঙ্গের অন্যতম বুক সেলিং হাব ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
- শিশুদের মেধাবিকাশ এর জন্য কার্যক্রম গ্রহণ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা।
০৩ পাঠক ও প্রবেশাধিকার নীতি
৩.১ সাধারণ প্রবেশ
দূরবীন সকলের জন্য উন্মুক্ত। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, অভিভাবক ও জ্ঞানের সন্ধানকারী — যেকোনো ব্যক্তি বিনামূল্যে লাইব্রেরিতে প্রবেশ করে বই পড়তে পারবেন।
৩.২ পরিবেশ ও আচরণবিধি
- লাইব্রেরির ভেতরে সর্বদা শান্তিপূর্ণ ও মনোযোগী পরিবেশ বজায় রাখতে হবে।
- উচ্চস্বরে কথা বলা, হৈচৈ করা বা অন্যদের পড়ায় বিঘ্ন ঘটানো সম্পূর্ণ নিষিদ্ধ।
- মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখতে হবে; প্রয়োজনে ফোনে কথা বলতে নির্ধারিত এলাকায় যেতে হবে।
- লাইব্রেরির সম্পদ, আসবাবপত্র ও বই যত্নসহকারে ব্যবহার করতে হবে।
- ইসলামি শিষ্টাচার ও শালীন পোশাকবিধি মেনে চলতে হবে।
- খাবার খাওয়া শুধুমাত্র নির্ধারিত ক্যাফে এলাকায় অনুমোদিত।
৩.৩ শিশু কর্নার
লাইব্রেরিতে শিশুদের জন্য আলাদা চাইল্ডস কর্নার রয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের সাথে এই কর্নারে আসতে পারবেন এবং শিশুদের উপযোগী ইসলামি বই বেছে নিতে পারবেন। শিশুদের যথাযথ তত্ত্বাবধানের দায়িত্ব অভিভাবকের।
০৪ সদস্যপদ নীতিমালা Membership Policy
৪.১ সদস্যপদের সুবিধা
- নির্ধারিত সময়ের জন্য বই ধার নেওয়ার সুবিধা।
- The Normative ও দূরবীন আয়োজিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রামে বিশেষ সুবিধা ও ছাড়।
- মাসিক বই-কেন্দ্রিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অগ্রাধিকার।
- নতুন বই সংযোজন ও কার্যক্রম সম্পর্কে আপডেট পাওয়া।
৪.২ সদস্যপদের ধরন ও শর্তাবলি
| বিষয় | বিবরণ |
|---|---|
| নিবন্ধন ফর্ম | সদস্যপদের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। |
| জাতীয় পরিচয়পত্র | প্রাপ্তবয়স্কদের জন্য NID এবং শিক্ষার্থীদের জন্য স্কুল/কলেজ এর পরিচয়পত্র প্রদান করতে হবে। |
| নবায়ন | সদস্যপদের সময়সীমা ১ বছর। মেয়াদ শেষে সদস্যপদ পুনরায় নবায়ন করতে হবে; অন্যথায় সুবিধা স্থগিত হবে। |
সদস্যপদ ফি — আমাদের লাইব্রেরির সদস্যপদ দুইটি ক্যাটাগরিতে বিভক্ত:
জুনিয়র পাঠক
Junior Readers • ৬–১৮ বছর
সিনিয়র পাঠক
Senior Readers • ১৮ বছর বা তদূর্ধ্ব
দ্রষ্টব্য: সকল পাঠকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং লাইব্রেরির নিয়ম অনুযায়ী সকল সদস্য এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
৪.৩ সদস্যপদ বাতিলের কারণ
- মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করলে।
- বই না ফেরানো বা ক্ষতি করলে এবং ক্ষতিপূরণ না দিলে।
- লাইব্রেরির নীতিমালা ও আচরণবিধি বারবার লঙ্ঘন করলে।
- অন্য পাঠকদের হয়রানি বা অসম্মান করলে।
০৫ বই ধার নীতিমালা Book Borrowing Policy
৫.১ ধার সংক্রান্ত সাধারণ নিয়ম
- শুধুমাত্র নিবন্ধিত সদস্যরা বই ধার নিতে পারবেন।
- একজন সদস্য একসাথে সর্বোচ্চ ১ (এক) টি বই ধার নিতে পারবেন।
- বই ধারের মেয়াদ লাইব্রেরী কর্তৃপক্ষ বইয়ের পৃষ্ঠা অনুযায়ী নির্ধারণ করে দিবে।
৫.২ বিলম্ব ও মাশুল
- নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত না দিলে পরবর্তী সময়ে সদস্যপদ সাময়িকভাবে স্থগিত (Temporarily Suspended) করা হবে।
- সদস্যপদ পুনরায় সচল করতে জুনিয়র পাঠকদের জন্য ৫০/- টাকা এবং সিনিয়র পাঠকদের জন্য ১০০/- টাকা রি-রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। অন্যথায় সদস্যপদ স্থগিত করা হবে।
৫.৩ বইয়ের সংরক্ষণ ও যত্ন
- ধার নেওয়া বই পরিষ্কার ও অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
- বইয়ে কোনো দাগ, লেখা বা ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- বই হারিয়ে গেলে বা ক্ষতি হলে সমতুল্য মূল্যে ক্ষতিপূরণ দিতে হবে অথবা একই বই প্রতিস্থাপন করতে হবে।
সতর্কতা: বই ইচ্ছাকৃতভাবে নষ্ট করলে সদস্যপদ স্থায়ীভাবে বাতিল হতে পারে।
০৬ বই সংগ্রহ ও ক্রয় নীতি
৬.১ বই ক্রয় প্রক্রিয়া
- অফলাইনে (লাইব্রেরিতে সরাসরি) এবং অনলাইনে (ফেসবুক, ইন্সটাগ্রাম, ওয়েবসাইটের মাধ্যমে) বই কেনার সুবিধা পাওয়া যাবে।
- সদস্যরা নির্ধারিত বই এ বিশেষ ছাড় ও অফার পাবেন।
০৭ কার্যক্রম ও ইভেন্ট নীতিমালা
৭.১ মাসিক প্রতিযোগিতা
লাইব্রেরির উদ্যোগে প্রতি মাসে বিভিন্ন বই-কেন্দ্রিক সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন করা হবে — অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে। এর মাধ্যমে পাঠকরা বইমুখী থাকবেন এবং পাঠাগারে বইপোকাদের আনাগোনা বাড়বে।
৭.২ হালাকাহ ও ওয়ার্কশপ
প্রতি মাসে বিষয়ভিত্তিক হালাকাহ, ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করা হবে। বিষয় নির্ধারণ, বক্তা নির্বাচন ও সময়সূচি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
৭.৩ বিভাগীয় বইমেলা
প্রতি বছর বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজন করা হবে। ২০২৪ সালে রংপুর ও ২০২৫ সালে দিনাজপুরে 'ইনকিলাব বইমেলা' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
৭.৪ ইভেন্ট অংশগ্রহণের নিয়ম
- সকল ইভেন্টে ইসলামি শিষ্টাচার ও শালীন পোশাকবিধি মানা বাধ্যতামূলক।
- প্রতিযোগিতায় অংশ নিতে নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।
- প্রতিযোগিতার ফলাফল চূড়ান্ত ও বিতর্কযোগ্য নয়।
০৮ স্টুডিও ও পডকাস্ট সেটআপ নীতিমালা
লাইব্রেরিতে একটি পেশাদার স্টুডিও ও পডকাস্ট সেটআপ রয়েছে। এই সুবিধার ব্যবহার নিম্নলিখিত নিয়ম মেনে চলতে হবে:
- প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ তাদের বইয়ের মার্কেটিং কনটেন্ট তৈরি করতে পারবে।
- পাঠকদের মধ্য থেকে বই রিভিউয়ার হিসেবে নির্বাচিতরা স্টুডিও ব্যবহার করতে পারবেন।
- স্টুডিও ব্যবহারের জন্য পূর্ব অনুমতি নিতে হবে এবং নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে।
০৯ কর্মী ও স্বেচ্ছাসেবী নীতিমালা
৯.১ কর্মীদের দায়িত্বসমূহ
- পাঠকদের সাদরে গ্রহণ ও সহযোগিতা করা।
- বই সংগ্রহ, ক্যাটালগিং ও পরিচর্যা করা।
- ধার রেকর্ড ও সদস্যপদ তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা।
- লাইব্রেরির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা।
- ইভেন্ট পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করা।
৯.২ আচরণবিধি
- সকল পাঠক ও সদস্যের সাথে সম্মানজনক ও বিনয়ী আচরণ করতে হবে।
- লাইব্রেরির গোপনীয় তথ্য রক্ষা করতে হবে।
- ইসলামি আদব ও নৈতিকতা সবসময় বজায় রাখতে হবে।
১০ আর্থিক ও স্পনসরশিপ নীতিমালা
১০.১ আয়ের উৎস
- বই বিক্রয় (অফলাইন ও অনলাইন উভয় প্ল্যাটফর্ম)।
- সদস্যপদ ফি।
- স্পনসর প্রকাশনা প্রতিষ্ঠানের অবদান।
- ইভেন্ট ও ওয়ার্কশপ থেকে আয়।
- দানকারীদের অনুদান ও সাদাকাহ।
১০.২ স্পনসরশিপের শর্তাবলি
- স্পনসর প্রকাশনী নিজস্ব নেমপ্লেটসহ একটি নির্ধারিত বুকশেলফ পাবে।
- স্টুডিওতে বিনামূল্যে বই মার্কেটিং কনটেন্ট তৈরির সুযোগ পাবে।
- লাইব্রেরির সকল ইভেন্টে স্পনসর হিসেবে উল্লেখ করা হবে।
- স্পনসরশিপ চুক্তি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।
১০.৩ আর্থিক স্বচ্ছতা
লাইব্রেরির সকল আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা হবে। দূরবীন কর্তৃপক্ষ নিয়মিত আর্থিক পর্যালোচনা করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বচ্ছতার সাথে হিসাব উপস্থাপন করবে।
১১ অনলাইন প্ল্যাটফর্ম ও ই-কমার্স নীতি
দূরবীন লাইব্রেরির বিক্রয় কার্যক্রম অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে পরিচালিত হবে:
| প্ল্যাটফর্ম | বিবরণ |
|---|---|
| ফেসবুক (F-Commerce) | ফেসবুক পেজের মাধ্যমে বই অর্ডার ও বিক্রয় |
| ইন্সটাগ্রাম | বই প্রমোশন ও অর্ডার গ্রহণ |
| ইউটিউব | বই রিভিউ ও ইসলামি কনটেন্ট প্রচার |
| ওয়েবসাইট | www.durbeenlibrary.com — সরাসরি অনলাইন বিক্রয় |
| অফলাইন লাইব্রেরি | সরাসরি এসে দেখে বই কেনা ও ধার নেওয়া |
অনলাইনে অর্ডার প্রদান করার ক্ষেত্রে নির্ধারিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। পণ্য ফেরত ও অভিযোগের ক্ষেত্রে দূরবীন কর্তৃপক্ষের নির্ধারিত নীতি অনুসরণ করতে হবে।
১২ অভিযোগ ও পরামর্শ নীতি
লাইব্রেরির পরিষেবা উন্নত করতে পাঠক ও সদস্যদের মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- লাইব্রেরিতে সরাসরি একটি পরামর্শ বাক্স থাকবে। এখানে যে কেউ পরামর্শ বা অভিযোগ প্রদান করতে পারবে।
- ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মতামত দেওয়া যাবে।
- প্রতিটি অভিযোগ গোপনীয়তার সাথে বিবেচনা করা হবে।
- অভিযোগ পাওয়ার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করা হবে।
- কর্মীদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি দূরবীন কর্তৃপক্ষকে জানাতে হবে।
১৩ সম্পত্তি রক্ষা ও নিরাপত্তা নীতি
- লাইব্রেরির কোনো সম্পদ — বই, আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম — চুরি বা ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
- দূরবীন থেকে বের হওয়ার সময় ব্যাগ তল্লাশি করার অধিকার কর্তৃপক্ষের রয়েছে।
- যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে কর্মীদের জানাতে হবে।
- ইমার্জেন্সি পরিস্থিতিতে কর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে।
১৪ বিশেষ বিধান ও সংশোধনী নীতি
- ১৪.১ — এই নীতিমালা দূরবীন কর্তৃপক্ষ যেকোনো সময় প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন করার অধিকার রাখে।
- ১৪.২ — নীতিমালার যেকোনো ধারায় অস্পষ্টতা থাকলে কর্তৃপক্ষের ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে।
- ১৪.৩ — এই নীতিমালার বাইরে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দূরবীন কর্তৃপক্ষের হাতে সংরক্ষিত।
- ১৪.৪ — ভ্রাম্যমাণ দূরবীন লাইব্রেরী চালু হলে তার জন্য আলাদা সম্পূরক নীতিমালা প্রণীত হবে।
যোগাযোগ
জ্ঞান অন্বেষণ করো, কারণ এটি আল্লাহর ভয়ের প্রমাণ, ইবাদতের মাধ্যম, এবং সম্মানের উৎস।